সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৯৩ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় প্রথমবারের মতো পদায়ন করেছে বাংলাদেশ পুলিশ।
সোমবার (২৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক আদেশে এ পদায়ন করা হয়।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) রায়হান উদ্দিন খানের সই করা আদেশে এসব কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং দেশের বিভিন্ন জেলা ও পুলিশ ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পদায়ন পাওয়া কর্মকর্তারা ৩৭তম, ৩৮তম, ৪০তম ও ৪১তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য। তারা রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় এক বছরের মৌলিক প্রশিক্ষণ এবং বিভিন্ন জেলায় ছয় মাসের মাঠপর্যায়ের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
প্রশিক্ষণ শেষে তারা এতদিন পুলিশ সদর দপ্তরের ট্রেনিং রিজার্ভ (টিআর) শাখায় সংযুক্ত ছিলেন। সর্বশেষ আদেশের মাধ্যমে তাদের পেশাগত জীবনের প্রথম নিয়মিত কর্মস্থল নির্ধারণ করা হলো।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নবীন এসব কর্মকর্তাকে মাঠপর্যায়ে দায়িত্ব দিয়ে পুলিশ বাহিনীর জনবল ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার অংশ হিসেবে এ পদায়ন করা হয়েছে। বিভিন্ন মহানগর, বিশেষায়িত ইউনিট ও জেলা পুলিশে দায়িত্ব পালনের মাধ্যমে তারা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমে যুক্ত হবেন।
জনপ্রশাসন/কেএ/ ২৭ জুলাই ২০২৬
