গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার ও পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জের ডিসির পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক করা হয়েছে।
আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে এবং ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল-সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ জেলা শহর। আজ সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন দলটির নেতা-কর্মীরা। তাঁদের মিছিলে পুলিশের ব্যারিকেড ও একটি সুপারশপের কাচ ভাঙচুর এবং বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার পর গোপালগঞ্জ জেলার শীর্ষ কর্মকর্তা পদে রদবদল আনল সরকার।
জনপ্রশাসন /এফওয়াই/ জেডআরসি/ ১৫ নভেম্বর ২০২৬
