স্বাভাবিক হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা রোববার থেকে

ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত।

বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব শুরু করার পর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দীনেশ ত্রিবেদী।

ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, রোববার (২৮ জুন) থেকেই বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আবারও সাধারণ ভ্রমণ ভিসা চালুর ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। ২৮ জুন থেকে ভিসা আবেদন জমা দেওয়া যাবে। মানবিক কারণে জরুরি মেডিকেল ভিসা প্রদানও চলতে থাকবে।’

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা থেকে এই ভিসা দেওয়া হবে। পরবর্তী সময়ে এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

ভারতের এই হাইকমিশনার বলেন, ‘আশা করি, এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। হাইকমিশনার হিসেবে আমি প্রথম কাজটি করলাম। আমি অনেক খুশি। আশা করি, এখানকার সাধারণ মানুষও খুশি হবে।’

এ সময় হাইকমিশনার জানান, তিনি মাঝেমধ্যে ভিসা সেন্টারে এসে সাধারণ মানুষের কথা শুনবেন এবং গণমাধ্যমকর্মীদের পরামর্শ নেবেন।

দীর্ঘ ২১ মাসের অচলাবস্থার অবসান: প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতনের পরে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই কারণে ৪ অগস্ট থেকেই ভারতীয় ভিসা কেন্দ্রগুলির কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির জেরে ওই বছরের ২১ ডিসেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা প্রদান পুরোপুরি স্থগিত রাখে নয়াদিল্লি।

এ দিকে চিকিৎসা, ভ্রমণ বা পারিবারিক প্রয়োজনে ভারতে যেতে চান হাজার হাজার বাংলাদেশি। প্রায় ২১ মাস পরে এই পরিষেবা স্বাভাবিক হওয়ায় তারা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

জনপ্রশাসন/কেএ/২৫/০৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *