অস্ত্রসহ ৪ ডাকাত আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ ২২ জুলাই বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী। এর আগে, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে চন্দ্রগঞ্জের সিয়াম ফিলিং স্টেশন এলাকায় সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. মোক্তারুজ্জামান, সাদেক হোসেন মাল, মানিক ব্যাপারি ও মাসুদ আলম। তারা বিভিন্ন জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *