২১তম বিসিএস প্রশাসন ব্যাচ: সততা ও পেশাদারিত্বের অঙ্গীকারে ২৩তম বর্ষপূর্তি

সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের অঙ্গীকার নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ২১তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের ২৩তম বর্ষপূর্তি। শুক্রবার (১০ জুলাই) বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজিত এই বার্ষিক সাধারণ সভা ও সম্মিলন যেন হয়ে উঠেছিল ব্যাচের সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক মহামিলনমেলা।

স্মৃতিচারণ ও নবউদ্যমের সংকল্প: দীর্ঘ ২৩ বছরের পথচলার স্মৃতি রোমন্থন করে অনুষ্ঠানে বক্তারা প্রশাসনের কর্মযজ্ঞে নিজেদের অবদান নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ব্যাচের সদস্যদের নতুন করে দায়িত্ব পালনের শপথ। বিশেষ করে, বর্তমানে যুগ্মসচিব পদে উন্নীত হওয়া ব্যাচের সদস্যরা আগামী দিনে জাতীয় স্বার্থে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি ২১তম ব্যাচের কর্মকর্তাদের সততার সাথে জনসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের অগ্রযাত্রায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ভূমিকা অনস্বীকার্য এবং এই ব্যাচের কর্মকর্তারা তাদের কর্মদক্ষতা দিয়ে প্রশাসনকে আরও গতিশীল করবেন বলে  আমি আশাবাদী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হক, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২১তম ব্যাচের সভাপতি আমজাদ হোসেন। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজনের আনুষ্ঠানিকতা শেষে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুদের এই মিলনমেলায় গান, কবিতা ও আড্ডায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কর্মজীবনের ব্যস্ততাকে ছাপিয়ে সহকর্মীদের সান্নিধ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয় ২৩তম বর্ষপূর্তির এই মিলনমেলা।

জনপ্রশাসন/কেএ/ জেডআরসি/ ১০ জুলাই ২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *