টাঙ্গাইল শহরের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জনদুর্ভোগ কমাতে ‘টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরাম’ এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সম্মানিত সভাপতি জনাব আকিবুর রহমান ইকবালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টাঙ্গাইল সওজ-এর নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমেরী খানের সাথে এই সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় ফোরামের পক্ষ থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের রাস্তা প্রশস্তকরণ, শান্তিকুঞ্জ মোড় হতে দেলদুয়ার রোডের পাশে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সংযোগ সড়কের পাঁচ রাস্তা মোড় প্রশস্তকরণ এবং আশেকপুর বাইপাস সড়ক থেকে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে জায়গা বৃদ্ধি করে জনগণের ভোগান্তি কমানোর কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
নাগরিক ফোরামের এই প্রস্তাবের সাথে পূর্ণ একমত পোষণ করে নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমেরী খান বলেন, জনগণের দুর্ভোগ কমাতে ইতিমধ্যেই এই প্রস্তাবনাগুলোর আলোকে টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকুর সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি জানান, সওজের আওতাধীন রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সিএন্ডবি রোড থেকে টাঙ্গাইল এলজিআরডি মোড় পর্যন্ত ছয় লেনের কাজ স্বল্প পরিসরে শুরু করা হয়েছে।
ড. সিনথিয়া আরও উল্লেখ করেন, প্রাথমিক পদক্ষেপ হিসেবে মেডিকেল হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করা ও মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। একই সাথে রাস্তার একপাশ প্রশস্ত করা হচ্ছে, যেন হাসপাতাল, শহর ও বাস টার্মিনালমুখী সিএনজি এবং অটোরিকশাগুলো যানজটমুক্তভাবে অনায়াসে চলাচল করতে পারে। এর ফলে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম রিপন, টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতির নবনির্বাচিত আহ্বায়ক শফিকুল ইসলাম এবং সংগঠনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
জনপ্রশাসন/টিসি/ জেডআরসি/ ২০ জুলাই ২০২৬

