বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন, সামরিক অভ্যুত্থান, হত্যাকাণ্ড, গণআন্দোলন, মৃত্যু ও পদত্যাগের কারণে একাধিক রাষ্ট্রপতি নির্ধারিত মেয়াদ শেষ করতে পারেননি। সে তালিকায় যুক্ত হলেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্য দিয়ে তার রাষ্ট্রপতির দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
স্বাধীনতার পর পূর্ণাঙ্গ, ভারপ্রাপ্ত ও অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত মিলিয়ে এখন পর্যন্ত ১৮ জন ব্যক্তি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে ১২ জনই বিভিন্ন কারণে নির্ধারিত মেয়াদ পূর্ণ করতে পারেননি। সর্বশেষ সেই তালিকায় যুক্ত হলেন মো. সাহাবুদ্দিন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ঘোষিত হলেও তিনি পাকিস্তানে কারাবন্দি থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। স্বাধীনতার পর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭৩ সালে পদত্যাগ করেন। তার উত্তরসূরি মোহাম্মদউল্লাহর মেয়াদও পূর্ণ হয়নি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর রাষ্ট্রপতি হন খন্দকার মোশতাক আহমেদ। মাত্র ৮১ দিন পর তিনি ক্ষমতাচ্যুত হন। এরপর দায়িত্ব নেওয়া বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ১৯৭৭ সালে পদত্যাগ করেন।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সামরিক কর্মকর্তাদের হাতে নিহত হন। তার পর নির্বাচিত রাষ্ট্রপতি আবদুস সাত্তার ১৯৮২ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। একই সময়ে দায়িত্ব পালনকারী বিচারপতি আহসানউদ্দিন চৌধুরীও পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। পরে রাষ্ট্রপতি হওয়া হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।
২০০১ সালে দায়িত্ব নেওয়া এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মাত্র সাত মাসের মাথায় পদত্যাগ করেন। ২০০৯ সালে রাষ্ট্রপতি হওয়া জিল্লুর রহমান ২০১৩ সালে দায়িত্বে থাকা অবস্থায় মারা যাওয়ায় তার মেয়াদও অসম্পূর্ণ থেকে যায়।
২০২৩ সালে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। সাংবিধানিকভাবে তার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকার কথা ছিল। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করায় বাংলাদেশের ইতিহাসে পূর্ণ মেয়াদ শেষ করতে না পারা রাষ্ট্রপতিদের তালিকায় তার নামও যুক্ত হলো।
এ ছাড়াও ইতিহাস ও বিভিন্ন অন্তর্বর্তী বা অতিরিক্ত দায়িত্বে থাকা আরও চারজন রাষ্ট্রপ্রধান বিভিন্ন রাজনৈতিক পালাবদলে পূর্ণ মেয়াদ দায়িত্ব পালনের সুযোগ পাননি বা দায়িত্বে স্থায়ী হননি।
জনপ্রশাসন/ এফওয়াই/ জেডআরসি/ ২৫ জুলাই ২০২৬
