পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় খানকাহ আলিয়া দরবারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত এ মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর অবদানের ওপর আলোচনা করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন খানকাহ আলিয়া দরবারের মুর্শিদ শিবলী মোহাম্মদ ফজলুল করিম।
তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তাঁর আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর নতুন দিগন্ত উন্মোচন করে। তিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন।

তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর পবিত্র জীবন ও কর্ম সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ ও অনুসরণীয় আদর্শ। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
মিলাদ মাহফিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জনপ্রশাসন /এনএম/ ২৬ আগস্ট ২০২৬
