সেইন্ট পিটার্সবার্গ ফোরামে সংস্কৃতিমন্ত্রী, প্লেনারি সেশনে থাকবেন পুতিন

সেইন্ট পিটার্সবার্গ (রাশিয়া), ২৪ সেপ্টেম্বর ২০২৬: রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে চলমান ‘দ্বাদশ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরাম’-এ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং রাশিয়ান ফেডারেশনের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়।

বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ চুক্তির ফলে দুই দেশের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সংস্কৃতি, জাদুঘর ও প্রত্নতত্ত্ব গবেষণাসহ সৃজনশীল সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। একইসঙ্গে এর মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষরের আগে ফোরামের সাইডলাইনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী উ টিন ও লুইন (U Tin Oo Lwin)। সাক্ষাৎকালে দুই দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক মেলবন্ধন এবং অভিন্ন ঐতিহাসিক বৈশিষ্ট্য নিয়ে দুই মন্ত্রীর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।

ফোরামের দ্বিতীয় দিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ‘ফোক আর্টিজান ক্রাফটওয়ার্ক রিবুটেড’ শীর্ষক বিষয়ভিত্তিক অধিবেশনে মূল বক্তব্য উপস্থাপন করবেন সংস্কৃতি মন্ত্রী। সেখানে তিনি বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্পের পুনর্জাগরণ এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের বৈশ্বিক সম্ভাবনার কথা তুলে ধরবেন।

এছাড়া ফোরাম চলাকালে রাশিয়ার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘স্পুটনিক ইন্টারন্যাশনাল’-কে একটি বিশেষ সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে তাঁর। সাক্ষাৎকারে মন্ত্রী বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক সম্পদ, বাংলা নববর্ষসহ নানা লোকজ উৎসব, পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বাংলা সংগীতের বহুমাত্রিক ধারা বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিতব্য ফোরামের প্লেনারি সেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এই আন্তর্জাতিক কালচারস ফোরামে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বাংলাদেশ প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করে। প্রতিনিধি দলে সংস্কৃতি মন্ত্রণালয়ের দুজন যুগ্ম সচিব রয়েছেন।

বিশ্বমঞ্চে বাংলাদেশের বহুমাত্রিক সংস্কৃতি তুলে ধরা এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে সাংস্কৃতিক কূটনীতি জোরদারে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ফোরাম শেষে আগামী ২৮ সেপ্টেম্বর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *