সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ

নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর পে-ফিক্সেশনের কারণে কোনো অতিরিক্ত কিংবা বকেয়া শ্রান্তি ও বিনোদন ভাতা পাবেন না সরকারি কর্মচারীরা। একবার এই ভাতা তুলে নেওয়ার পর, পরবর্তী সময়ে বেতন পুনর্বিন্যাসের কারণে মূল বেতন বাড়লেও আগের ভাতার জন্য নতুন করে কোনো বকেয়া দাবির সুযোগ আর থাকছে না।

এই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পক্ষ থেকে এই আদেশ জারি করা হয়, যা পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত হয়। অর্থ বিভাগের প্রবিধি ৩ শাখার যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম ওই গেজেটে স্বাক্ষর করেছেন।

প্রকাশিত গেজেট বলা হয়েছে, ‘সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ধাপভিত্তিক বেতনস্কেল চালুর সময়সীমা—অর্থাৎ ২০২৬ সালের পহেলা জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে শ্রান্তি ও বিনোদন ভাতা পাওয়ার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর থাকবে।

অর্থ বিভাগ কর্তৃক ১৯৮৯ সালের ২০ মার্চ জারীকৃত বিধি অনুযায়ী, একজন সরকারি চাকরিজীবী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে তার প্রাপ্ত মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও এই একই নীতিমালা বহাল রাখা হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন পে স্কেলের অধীনে ধাপভিত্তিক বেতন বাস্তবায়ন ও পে ফিক্সেশনের মাধ্যমে নির্ধারিত বেতনের ওপর ভিত্তি করে এই ভাতা হিসাব করা হবে না। এর পরিবর্তে, চাকরিজীবী ছুটিতে যাওয়ার সময় বাস্তবে যে পরিমাণ মূল বেতন হাতে পাবেন, ঠিক সেই পরিমাণ অর্থই ভাতা হিসেবে প্রাপ্য হবেন।

এর ফলে, কোনো কর্মী শ্রান্তি ও বিনোদন ভাতা একবার উত্তোলন করে ফেললে, পরবর্তীতে পে-ফিক্সেশনের কারণে তার মূল বেতন বৃদ্ধি পেলেও পূর্বের ভাতার বিপরীতে কোনো অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না। অর্থ মন্ত্রণালয়ের এই নতুন সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *