আনোয়ার হাকিম: প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে— এটাই অমোঘ সত্য। বিশ্বাসী – অবিশ্বাসী সবার জন্যই এটা অনিবার্য সত্য। তবু কোনো কোনো মৃত্যু নিয়ে কথা উঠে, কথা থেকেই যায়। সম্প্রতি মেট্রোরেলে এক প্রবীণের করুন মৃত্যুকে নিয়ে কথা উঠেছে। এর কারণও রয়েছে।
যিনি মারা গেছেন তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক। ছেলেসহ উঠেছিলেন মেট্রোরেলে, শাহবাগ থেকে। গন্তব্য ছিলো উত্তরা। পথিমধ্যে তিনি অসুস্থ বোধ করলে তাঁর ছেলে কামরার সিটে অধিষ্ঠিত অনেককে অনুরোধ করেছিলেন তার অসুস্থ বাবাকে বসার জন্য একটু জায়গা দিতে। কেউই দেন নি।
কল্পনা করে নিচ্ছি, অনেকেই তখন মুখ ঘুরিয়ে দূরে অন্যকিছুতে মনোনিবেশ করেছেন, অনেকে মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছেন, অনেকে কানে গুঁজে দেওয়া ইয়ার পিসে কিছু শুনতে মগ্ন থেকেছেন। কিয়ৎকাল পর সেই অসুস্থ প্রবীন সেখানেই ঢলে পড়েন এবং ইন্তেকাল করেন। মহান আল্লাহ মজলুমের দোয়া কবুল করে থাকেন। মৃত্যু পূর্ববর্তী এরূপ প্রত্যাখ্যান প্রত্যক্ষ করে তিনি কি দোয়া করেছিলেন জানার উপায় নেই। তবে,আমাদের বলার সময় এসেছে, “হে ধরণী দ্বিধা হও, আমি প্রবেশ করি”।
মেট্রোতে যারা যাতায়াত করে থাকেন তাদের বেশিরভাগই নির্দিষ্ট রুটের নিয়মিত যাত্রী। এর মধ্যে বেশির ভাগই তরুণ ও চল্লিশ বয়সের কাছাকাছি শক্ত- সামর্থ্যবান। শাহবাগ থেকে উত্তরা উত্তর স্টেশনে আসতে কমবেশি ২৮ মিনিট সময় লাগে। সেইসব তরুন ও মাঝ বয়সী যাত্রীরা এই স্বল্প সময়টুকুকেও প্রবীনের জন্য উৎসর্গ করতে পারেন নি। অন্যকথায়, করেন নি। যারা এরূপ অপারগতা প্রকাশ করেছেন প্রবীনের এই মৃত্যু দৃশ্য দেখে বা শুনে কি তাদের ভালো লেগেছে? নাকি ‘আল্লাহর মাল আল্লাহয় নিয়ে গেছেন’ বোধ কাজ করেছে?
আমরা মানুষ। জানোয়ার নই। জানোয়ারেরও আচরণ বিধি আছে। তারা সেটা মেনেও চলে। খুব বেশি ক্ষুব্ধ না হলে তারা বিরূপ আচরণ করে না। আমরা কি তাদের চেয়েও অধম, অন্ধ হয়ে গেছি?
আমরা কি শিখছি, কি করছি – তা কি কখনো ভেবে দেখি? নাকি অষ্টপ্রহর শুধু ছুটেই চলি আর নিজেকে নিয়েই থাকি? আশেপাশে কার কি হলো বা পাশের বাড়ি দাবানলে পুড়ছে কি না ঘুনাক্ষরেও তা দেখি না। দেখার সে মানসিকতাই তো নেই। সারাক্ষণ শুধু ভাবি আমার কি আছে, কি নেই। আছে আক্ষেপ, হতাশা আর যেনতেন প্রকারে উদ্দিষ্ট হাসিলের প্রাণান্তকর প্রয়াস।
প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদেরকে মাটির দিকে তাকাতে শেখায় নি, নরম-কোমল, সভ্য-ভব্য হওয়ার বোধ জাগ্রত করতে পারে নি। দীক্ষা আমাদেরকে শুধুই শিখিয়েছে হায়ারম্যাথের মারপ্যাঁচ আর আমিত্ববোধ। বিশ্বপল্লীর ঝলমলে আহ্বান আমাদেরকে উদ্বুদ্ধ করেছে শুভদাস গুপ্তের ‘ব্রিলিয়ান্ট’ কবিতার চিত্রে। তাইতো পিতা-মাতার মৃত্যুতেও সন্তানের কলিজা সিক্ত হয় না, ফোনে দাফন- কাফনের দায়িত্ব অন্যের উপর দিয়েই খালাস হন।
আমাদের তরুনদের সামনে এখন কেবলই বিদেশমুখীতা, শেকড় বিচ্ছিন্নতা আর পারিবারিক বন্ধনে শিথিলতার প্রবণতা। তাদের মননে-মগজে এখন শুধুই আমি, আমিত্ব, আমার বাবা-মা, আমার ভাই-বোন – ব্যস, এটুকুই। ফিঁয়ান্সে থাকলে বাবা-মা, ভাই-বোনও ফিকে। সেখানে আরো থাকে ডেবিট ক্রেডিট নির্ভর ব্যালেন্স সীটের উৎপাত, লাভালাভের ক্ষুধা আর একান্ত আপনার করে আরো পাওয়ার উদগ্র বাসনা।
প্রবীনদেরও এতে দায় রয়েছে অনেক। আমরা আদর্শ স্থানীয় হয়ে উঠতে পারি নি কোথাও। না বাবা-মা হিসেবে পরিবারে , না সমাজে, না রাষ্ট্রীয় বৃহত্তর বলয়ে। আমরাই আমাদের সন্তানদেরকে শিখিয়েছি ‘সার্ভাইভাল অব দা ফিটেস্ট’ দর্শনের নামে আত্মকেন্দ্রিকতার ড্রাগ কোথায় কোথায় পাওয়া যায় আর কীরূপে তা কব্জা করা যায়? অভিভাবক হিসেবে আমরাই তো ভবানী প্রসাদ মজুমদারের “ছেলে আমার খুব সিরিয়াস কথায়-কথায় হাসে না/ জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা” কবিতার দর্শনে বুক ফুলিয়ে গর্ববোধ করছি।
আমরা আমাদের কামাই- রোজগারের স্তুপ সিদ্ধকাম পূরুষ হিসেবে পরিবারে স্ত্রীর কাছে, পিতা হিসেবে সন্তানের সামনে তুলে ধরছি প্রতিনিয়ত অকপটে। স্ত্রী জানে তার স্বামীর এই কামাই রোজগারে হালাল-হারামের মিশ্রণ অনুপাত কত? তাই, অনেকের বিদেশে অধ্যয়নরত ছেলে-মেয়ের ব্যাংক একাউন্টে লক্ষ লক্ষ ডলার কিলবিল করে। বিদেশে তাদের নামে একাধিক বাড়ি, ফ্ল্যাট, রিসোর্ট বা অন্য কিছু নির্ভরতার ব্যাকআপ হিসেবে রয়েছে। সন্তানরাও জানে তাদের বাবার এই প্রাচুর্যে অন্যের হক মারার অংশ ব্যাপক।
খাও দাও ফূর্তি করো মেজাজে আমরা সবাই নিজ নিজ আয়নাকে উল্টে রেখে সম্মুখবর্তী হচ্ছি। কোথায় যাচ্ছি জানি না। শুধু এটুকু জানি, যেতে হবে সেই পথে, যে পথ ধরে এসেছি এতদূর। আমরা আমাদেরকে অমানুষ বানিয়েছি প্রথমে। এরপর বানিয়েছি অমানুষের পরিবার। আর সমাজ, রাষ্ট্র? গোল্লায় যাক ওসব। তাই তো নবীনের কাছে প্রবীনের এটাই প্রাপ্য, যা মেট্রোতে ঘটতে দেখা গেছে। তাই তো ২/৪/৫/১০ মিনিটের জন্যও একটা সীট বিসর্জন দেওয়ার মত সামাজিক ‘বোধ’ কাজ করে নি কারো হৃদয়ে। ধর্মীয় বা নৈতিকতা ‘বোধ’ তো দূর কি বাত!
আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে প্রচুর কথা হচ্ছে। পালাবদলে কারিকুলাম থেকে শিক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি নিয়েও প্রচুর অনুশীলন হচ্ছে। এর বাস্তবতা যেমন রয়েছে তেমনি এর পেছনে বাণিজ্যের প্রণোদনাও কাজ করছে। বাজেট বরাদ্দ হচ্ছে, খরচ হচ্ছে, খরচ করতে না পারলে খবরদারিও হচ্ছে। পরবর্তী বাজেটে বরাদ্দ ছেঁটে দেওয়ার হুমকিও রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দালান উঠছে, দেদারসে উপকরণ কেনাকাটা হচ্ছে, নিয়োগ বাড়ছে, বদলী, পদায়ন, পদোন্নতি, আন্দোলন, দাবী-দাওয়াতে সারা বছর সমিতি, প্রতিষ্ঠান, অধিদপ্তর আর মন্ত্রণালয় সরগরম থাকছে। কিন্তু ক্লাসরুমে পাঠদান হচ্ছে কিনা, সঠিকভাবে তা প্রদান করা হচ্ছে কিনা, সময় মেনে স্কুলে তালা খোলা ও লাগানো হচ্ছে কিনা তা কি দেখা হচ্ছে? তদারকি হচ্ছে? জবাবদিহিতা আছে কি?
ধর্মীয় শিক্ষা, নীতি-নৈতিকতার কথা বললে সুশীলের এক শ্রেণীর পিত্ত জ্বলে ওঠে। অথচ বিকল্প হিসেবে আমরা যা দাঁড়া করাতে চাচ্ছি তা যান্ত্রিক, স্বার্থপর ও লোভী মানুষের সৃষ্টি করছে। আমাদের আসলে গভীরভাবে চিন্তা করার সময় এসেছে। ‘এনাফ ইজ এনাফ’ বোধ নিয়ে বসার সময় হয়েছে। উত্তর প্রজন্ম তৈরির দায় একান্তই আমাদের। পাশ্চাত্য কি বলছে বা দেখাচ্ছে সেটা সেকেন্ডারি ইস্যু। নেটের কল্যাণে দেশবাসী তো এমনও বলতে শুনেছে ও দেখেছে যে, বিশ টাকা বুঝে না, তাকে টুয়েন্টি টাকা বললে বুঝবে। প্রজন্মের এই অংশ আমাদের কী দেবে? এরা ‘মেইড ইন বাংলাদেশ’ হলেও মূলত ‘মেইড ফর ফরেন কান্ট্রিজ’।
নেট জগত এক বিশাল জগত। এর ক্ষমতাও ব্যাপক। সেখানে কথা উঠেছে প্রবীন ও অসুস্থদের জন্য আসন সংরক্ষণ করে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার। যাত্রাকালে পুন:পুন: ঘোষণা দেওয়ার। ঘটনার কয়েকদিন পরেই দেখলাম মেট্রোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি কিছুক্ষণের জন্য হলেও দেখভাল করে গেছেন। তাতে পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা, দীর্ঘস্থায়ী রূপ পাবে কিনা তা সময়ই বলে দেবে।
আমাদের দেশে ব্রিটিশদের করা আইন থেকে পাকিস্তান ও স্বাধীনতা উত্তর প্রণীত অজস্র আইন রয়েছে। কিন্তু প্রয়োগ হচ্ছে কম। সবসময় আইন প্রয়োগ করে নাগরিকদেরকে নজরদারিতে রাখতে হবে এটাও বাস্তব সম্মত না। আমাদের মত জনঘন এ দেশে সরকারের এরূপ সক্ষমতাও নেই। তবে এটাও তো সত্য যে, সরকারি প্রশাসন যন্ত্রের সেবাদানে জনগণের আস্থা নেই।
তাহলে নবীন- প্রবীনের সমীকরণ কিরূপ হবে? হওয়া উচিত? ছোটবেলায় শেক্সপিয়রের “ক্র্যাবড এজ এন্ড ইউথ” কবিতাটি বয়স্কদের অধিকাংশেরই পড়া থাকার কথা। সেখানে নবীনের জয়গান করা হয়েছে। তাই বলে কি বুড়োদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে? নজরুল নবীনের জয়গান গেয়ে খোঁচা মেরে আধমরাদের ঘুম ভাঙ্গাবার জন্য উদ্বুদ্ধ করেছেন। নবীনের কাছে এরূপ আশা করাই তো স্বাভাবিক। কিন্তু নাগরিক মেট্রো আমাদেরকে হতাশ করেছে। কোন তারুণ্যের হৃদয়েই সেই মৃত্যুমুখী প্রবীনকে দেখে তার পিতার মুখ বলে মনে হয় নি। এটা শুধু দু:খজনকই না রীতিমত অশনিসংকেত স্বরূপ।
প্রবীনদের হাতে রাষ্ট্রের সকল সেক্টরের চাবি, স্ব স্ব সেক্টরে তাঁদের হাতেই স্টিয়ারিং। সবই ঠিক আছে শুধু চালনার কায়দা বেপরোয়া ও উদ্দেশ্যহীন। এখানেই রিফুকর্ম জরুরি হয়ে পড়েছে। আর নবীনের দায় তার আহরিত শিক্ষার ও নৈতিকতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও দৈনন্দিন জীবনে এর অনুশীলন। এই বয়সেই যদি নবীনেরা স্বার্থপর, একদেশদর্শী ও শেকড় উপড়ানোর দর্শনে উজ্জীবিত হয়ে পড়ে তাহলে জাতি হিসেবে আমাদের কপালে খারাবি দেখার এখনো অনেক বাকি। সবার সুবোধ জাগ্রত হোক। ##
লেখক: কলামিস্ট ও গদ্যকার
জনপ্রশাসন /এফওয়াই/ জেডআরসি/ ০৩ নভেম্বর ২০২৬
