৫০১ বিলিয়ন ডলারের মাইলফলকে জিডিপি, মাথাপিছু আয়েও রেকর্ড

বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় এবার তিন হাজার ডলারের গণ্ডি পেরিয়ে গেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এই আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২০ মার্কিন ডলারে, যা আগের বছরের চেয়ে ২৫১ ডলার বেশি।

একই সঙ্গে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকারও প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে ৫০১ বিলিয়নে পৌঁছেছে। বুধবার (১০ জুন) এই সাময়িক হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

মাথাপিছু আয় বলতে কোনো একজন মানুষের ব্যক্তিগত উপার্জন বোঝায় না। দেশের ভেতরে উৎপাদিত আয় এবং প্রবাসীদের পাঠানো অর্থসহ মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায়, সেটাই মাথাপিছু আয়। অর্থাৎ এটি একটি গাণিতিক গড়, যা দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতির একটি সূচক হিসেবে কাজ করে।

জিডিপি প্রবৃদ্ধির হারও কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। গণ-অভ্যুত্থানের বছর হিসেবে পরিচিত ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি নেমে এসেছিল ৩ দশমিক ৪৯ শতাংশে। এবার তা বেড়ে হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ। কৃষি ও সেবা খাত এই পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে, যদিও শিল্প খাতে প্রবৃদ্ধি উল্টো কমেছে।

তবে উজ্জ্বল সংখ্যার আড়ালে একটি উদ্বেগজনক চিত্রও আছে। বেসরকারি বিনিয়োগ জিডিপির অনুপাতে নেমে এসেছে ২১ দশমিক ৫৩ শতাংশে যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান ও উৎপাদন দীর্ঘ মেয়াদে কোথায় যাবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

এদিকে বর্তমান বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। চলতি অর্থবছরে সেই লক্ষ্যের ঠিক অর্ধেকে পৌঁছানো গেছে। বাকি পথটুকু পাড়ি দিতে আট বছরে অর্থনীতিকে আরও দ্বিগুণ করতে হবে।

জনপ্রশাসন/এফওয়াই/ জেডআরসি/ ‌১০ জুন ২০২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *