বদলি নয়, অবহেলা-দুর্নীতি হলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘যেখানে অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি। ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সঙ্গে। দুর্নীতি, ঘুষবাণিজ্য বন্ধ করতে হবে। এটাকে আমরা প্রশ্রয় দেব না।’

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। জানালেন, ‘ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্লানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে।’

তার ভাষ্য, ‘স্বাস্থ্য খাতে এ বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছি আমরা। প্রতিটা ক্ষেত্রে আমরা নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছি। যাতে জনগণের উন্নয়ন করা যায়। যাতে বাংলাদেশকে বিশ্বমানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করানো যায়।’

‘আমাদের এবারের বাজেট কোনো টাকার বাজেট না, আদর্শের বাজেট। প্রতিটি আদর্শকে দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে,’ যোগ করেন মন্ত্রী।

নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

সভায় বিশেষ অতিথি ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মন্জুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ।

জনপ্রশাসন/ কেএ/ জেডআরসি/ ০৪ জুলাই ২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *