পদ্মা নদীতে আশঙ্কাজনকভাবে পানি প্রবাহ কমে যাওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ ভূ-উপরিস্থ সেচ প্রকল্প ‘গঙ্গা-কপোতাক্ষ’ (জিকে) এখন বড় ধরনের সংকটে পড়েছে। নদীর পানির স্তর আশঙ্কাজনক নিচে নেমে যাওয়ায় সেচ খালগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে।
ফলে বোরো মৌসুমে সেচ সুবিধা থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কুষ্টিয়াসহ আশপাশের জেলার সাধারণ কৃষকেরা। সেচের বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে অনেকেই ব্যয়বহুল শ্যালো পাম্প এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করছেন, যা কৃষককে অতিরিক্ত আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। অনেকে আবার লোকসান এড়াতে ধান চাষ ছেড়ে কম পানির রবি শস্যের দিকে ঝুঁকছেন।
প্রকল্প কর্মকর্তারা বলছেন, পদ্মা নদীর পানি প্রবাহ ফারাক্কা বাঁধ চালুর পর থেকেই কমছে। বর্তমানে পানির স্তর এতই নিচে নেমে গেছে যে, পাম্প চালানোর নূন্যতম উচ্চতা (৪.২০ মিটার) না থাকায় পাম্প স্টেশনের বিশাল ইনটেক পাম্পগুলো বারবার বন্ধ রাখতে হচ্ছে।
খালগুলোর বেহাল দশা ও ক্রমবর্ধমান খরচ
১৯৬০-এর দশকে কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গার প্রায় ১ লাখ ৯৭ হাজার হেক্টর জমিতে সেচ নিশ্চিত করতে ১৯৩ কিলোমিটার প্রধান খাল, ৪৬৭ কিলোমিটার শাখা খাল এবং ৯৯৫ কিলোমিটার প্রশাখা খালের বিশাল সেচ নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল। কিন্তু বর্তমানে পর্যাপ্ত পানি না থাকায় প্রায় অর্ধেক শাখা ও প্রশাখা খালই অকেজো হয়ে পড়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোসলেমপুর গ্রামের কৃষক আব্দুল হান্নান জানান, সেচ খালের পানি না পেয়ে তিনি এখন ধান চাষ ছেড়ে গম ও রবি শস্য চাষ করছেন। অন্যদিকে একই এলাকার বাহিড়চর গ্রামের কৃষক হাসান আলী মন্ডল জানান, ২৫-৩০ বছর আগে খাল থেকে পর্যাপ্ত পানি পাওয়া গেলেও এখন ভূগর্ভস্থ পানি তুলতে শ্যালো পাম্প ব্যবহারে বিঘাপ্রতি আড়াই থেকে তিন হাজার টাকা অতিরিক্ত খরচ হচ্ছে।
অনেক জায়গায় ভূগর্ভস্থ পানির স্তর এত নিচে নেমে গেছে যে শ্যালো পাম্পও কাজ করছে না। মিরপুরের নাওয়াখাড়ালা গ্রামের কৃষক সাগর বিশ্বাস জানান, সরকারি কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় বিত্তবানদের বসানো গভীর নলকূপ থেকে চড়া দামে পানি কিনতে বাধ্য হচ্ছেন তারা।
ফারাক্কা বাঁধ ও ১৯৯৬ সালের চুক্তি
১৯৭৫ সালে ভারতে গঙ্গা নদীতে ফারাক্কা বাঁধ চালুর পর থেকেই পদ্মার পরিবেশগত বিপর্যয় শুরু হয়। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ তলানিতে গিয়ে ঠেকে।
১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তির আওতায় জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পানি ছাড়ার নিয়ম রয়েছে। তবে যৌথ নদী কমিশনের (জেআরসি) তথ্য অনুযায়ী, পানি পাওয়ার পরিমাণ প্রতি বছর অনিয়মিত ছিল।
সর্বোচ্চ প্রাপ্তি: ১৯৯৮ সালের জানুয়ারিতে ফারাক্কা পয়েন্টে ২ লাখ কিউসেকের বেশি পানি ছাড়া হয় এবং বাংলাদেশ হার্ডিঞ্জ ব্রিজে প্রায় ১.৮২ লাখ কিউসেক পানি পায়।
সর্বনিম্ন প্রাপ্তি: ১৯৯৭ সালের মার্চ মাসে ফারাক্কায় ছিল ৪৮,৪৮৭ কিউসেক এবং বাংলাদেশ পেয়েছিল মাত্র ১৩,৮২৩ কিউসেক।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শিব্বির হোসেন জানান, ফারাক্কা পয়েন্টে প্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নামলে পানিবণ্টন সূত্র কাজ করে না। আর পদ্মাকে বাঁচাতে হার্ডিঞ্জ ব্রিজে অন্তত ৩০ হাজার কিউসেক প্রবাহ থাকা জরুরি। কিন্তু উজানে ভারতের বিভিন্ন খালের মাধ্যমে পানি সরিয়ে নেওয়ার কারণে এই ঘাটতি তৈরি হচ্ছে।
চুক্তির মেয়াদ শেষ ও বিশেষজ্ঞদের পরামর্শ
চলতি বছরের ডিসেম্বরেই ১৯৯৬ সালের এই ঐতিহাসিক গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে চুক্তি নবায়নের আলোচনা শুরু করেছে।
তবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন নাজমুল ইসলাম মনে করেন, বিদ্যমান চুক্তিটি সেকেলে এবং এটি নদীর বাস্তুতন্ত্র বা পরিবেশ রক্ষায় ব্যর্থ।
তিনি বলেন, নদীর স্বাভাবিক অস্তিত্ব টিকিয়ে রাখতে মোট প্রবাহের অন্তত ৩৫ থেকে ৪০ শতাংশ নদীতে রেখে দিয়ে বাকি পানি বণ্টন করা উচিত। চুক্তি নবায়নে পরিবেশগত বাস্তবতা ও পানির ন্যায্য প্রবাহের জোরালো আইনি নিশ্চয়তা থাকা আবশ্যক।
জনপ্রশাসন /কেএ/ ০৭ আগস্ট ২০২৬
